পাবনায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে দিকে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং মোটর সাইকেল লুটের খবর পাওয়া গেছে।

সোমবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপি’র সূত্র জানায়, স্থানীয় দু’টি পাড়ার বিবাদমান দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই পার্টি অফিসের সামনে এই ঘটনা ঘটেছে। তবে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও মোটর সাইকেল লুটের ঘটনার সাথে জেলা বিএনপি’র কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।

স্থানীয়রা জানান, রাত পৌনে নয়টার দিকে কমপক্ষে ১০ রাউন্ড গুলি ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ হয়। জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বাস ভবন সংলগ্ন সাবেক গণস্বাস্থ্যের অফিসে এই গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা বলেন, শুনেছি পার্টি অফিসের সামনে বেশ কয়েকরাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এদিকে জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম বলেন, পার্টি অফিস সংলগ্ন দু’টি পাড়ার যুবকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক গ্রুপ পার্টি অফিসের সামনে অবস্থান কালে অন্য গ্রুপটি তাদের উপর হামলা চালায়। এ সময় এই গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন পাবনা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)আহসান।

কেএইচ