লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মঞ্জুরুল আলম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় ময়নাল হোসেন (৪৫) নামে একজন আহত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খাঁনের বাজার এলাকায় বুড়িমারী-ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল আলম জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর এলাকার শাহাজাহান আলীর পূত্র ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লাম্বার পদে কর্মরত ছিলেন। আহত ময়নাল হোসেন একই এলাকার মোকছেদ আলীর পুত্র।
প্রতক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে তিনি লালমনিরহাট থেকে তার নিজ বাড়ি বাউরা নবীনগর যাচ্ছিলেন। পথিমধ্যে হাতীবান্ধার খানের বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মঞ্জুরুল আলম নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় ময়নাল হোসেনকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হাতীবান্ধা ফায়ার সার্ভিস।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
নুরনবী/এমবি





