বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আব্দুল মান্নান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবদুল মান্নান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল মান্নান।
২০১৪ সালে অনুষ্ঠিত দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।
শোকবার্তায় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতির অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তার মতো একজন রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো।
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বলেও শোকবার্তায় জানানো হয়।
এদিকে আবদুল মান্নান এমপির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এএস





