বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং গ্রামীণফোনের উদ্যোগে সিলেটে আয়োজিত ইন্টারনেট উইকের উদ্বোধন ব্যতিক্রমীভাবেই হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক সেলফি তুলে এই ইন্টারনেট উইকের উদ্বোধন করেছেন।

শুক্রবার দুপুরে সিলেট নগরীর রিকাবিবাজারস্থ জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমদ পলক বলেন, দেশে ৩৪ হাজার শিক্ষার্থীতে ইন্টারনেট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে এরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে।

দেশের তরুণরা মেধাবী এমন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন। সঠিক সহযোগিতা পেলে তারা দেশকে এগিয়ে নিতে সক্ষম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, সিলেট সিটি করপোরেশনে প্রাক্তন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, বেসিসের সভাপতি শামীম আহসান, গ্রামীণফোনের পরিচালক (বিপণন) নেহাল আহমেদ, বেসিসের সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫ এর আহ্বায়ক রাসেল টি আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

এমআর