বাংলাদেশ-ভারতের মধ্যকার অমীমাংসিত তিস্তা চুক্তি প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এ চুক্তি নিয়ে আগের অবস্থানে অনড় ভারত। প্রতিশ্রুতি মোতাবেক আমরা এ চুক্তি করে যাবো।

মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ-ভারত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পাশে রয়েছে ভারত। বাংলাদেশের সব উন্নয়নে ভারত সহযোগিতা করে যাবে। জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিস্তা চুক্তি বিষয়ে নরেন্দ্র মোদির যে প্রতিশ্রুতি দিয়েছে তা নিয়ে কাজ করছে ভারত সরকার। যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ৫৪টি নদী নিয়ে কীভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা যায়, তার ফর্মুলা খুঁজছে দুই দেশ। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অভিন্ন নদীর পানিবন্টন সমস্যার সমাধান করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একান্তে কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে তিনদিনের সফরে ঢাকা আসেন।

এএস