সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণের চেয়ে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে সড়ক পথে শৃঙ্খলা ফিরিয়ে আনা। কি করে সড়ক দুর্ঘটনা সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষ্যে কাজ করছেন সরকার।’
রোববার বেলা সড়ে ১১টায় বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘এক সময় দেশের সবচেয়ে সুন্দর নগরী ছিল বরিশাল। এখন ইজিবাইক এই শহর দখল করে নিয়েছে।’ তিনি বলেন, ‘যান্ত্রিক পরিবহনের লাইসেন্স দেয়ার কথা বিআরটিএর। কিন্তু সিটি করপোরেশন কিভাবে এসব লাইসেন্স দিচ্ছে সেটি দেখতে হবে।’
বরিশাল-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা বিষয়ে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মিত হলে চার লেনের কাজ এগিয়ে যাবে। পায়রা সমুদ্র বন্দরের উন্নতির পাশাশপাশি অনান্য সড়কের কাজও সম্পন্ন হবে।’
তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি ওবায়দুল কাদের।
এসময় মন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, নগর আয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিমসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
জেআই





