ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, আদর্শহীন আওয়ামী লীগ অবৈধভাবে সরকার গঠন করে ও জনগণের অধিকার কেঁড়ে নিয়ে জাতিকে ধ্বংস করার মরণ খেলায় মেতে উঠেছে। কিন্তু জনগণও তাদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়নি। শত হত্যা, গুম, নির্যাতন গ্রেফতার উপেক্ষা করে রাজপথে থেকে প্রমাণ করেছে-গণতন্ত্র ও নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতা অনড় ও অবিচল।      

আজ শনিবার ছাত্রশিবির রাজশাহী মহানগরী ও বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেক্রেটারি জেনারেল বলেন, দেশ প্রেমিক ছাত্রজনতা লড়ছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রামে। অন্যদিকে অবৈধ সরকার সিমাহীন রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে সেই আন্দোলনকে দমন করতে সর্বগ্রাসী ষড়যন্ত্র করে যাচ্ছে। মিথ্যার উপর সত্যকে প্রতিষ্ঠার এ সংগ্রাম চলছে এবং চলবে।

তিনি বলেন, অবৈধ সরকার নিজেরা না পেরে রাষ্ট্রীয় শক্তিকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সত্য প্রকাশের ভয়ে গণমাধ্যমের টুটি চেপে ধরেছে। নিজেদের দুর্বলতা ঢাকতে মিথ্যাচার ও ভারসাম্যহীন বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু ছাত্রজনতা অবৈধ সরকারের কোন ষড়যন্ত্র ও নৃশংসতাকেই পরোয়া করেনি।

তিনি বলেন, শিবিরের প্রতিটি দায়িত্বশীলকে যেকোন সময়ের তুলনায় অনেক বেশি ভূমিকা রাখতে হবে। ছাত্রজনতার কাছে ইসলামের আহবান পৌছানোর পাশাপাশি অপশক্তির অপকর্ম সম্পর্কেও জনগণকে অবহিত করতে হবে। প্রমাণ করতে হবে এ জমিনে দেশ ও ইসলাম বিরোধী অপশক্তিকে রুখে দিতে ছাত্রজনতা কখনোই পিছপা হবে না।

কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাজ্জাদে হোসেনের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদ সদস্য আশরাফুল আলম ইমন, রাবি নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম, সেক্রেটারি নাজমুস সাদাত, রাজশাহী মহানগরী নবমনোনিত সেক্রেটারি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম রাফি।

জেএ