যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সে জন্য সারাদেশের সড়ক ও মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ এবং সংস্কার কাজের জন্য ২৪টি টিম তদারকি করছে। মহাসড়কের পাশে যাতে কোনো ধরনের পশুর হাট না বসে সে জন্যও কাজ চলছে।'

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম আট লেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, 'মহাসড়কের পশু বহনকারী গাড়ি কিংবা অন্য কোনো যানে যাতে চাঁদাবাজি না ঘটে সে জন্য র্যা ব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হবে।

সড়ক ও জনপথসহ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী বলেন, 'বৃষ্টির জন্য সড়কের সংস্কার কাজ বন্ধ থাকবে- এমন অজুহাত আমি শুনতে চাই না। বৃষ্টির বিষয়টি মাথায় রেখেই কাজ করতে হবে। আমরা আশা করছি বৃষ্টি না হলে রোজার ঈদের মতো এবারও ঘরমুখো মানুষের কোনো ভোগান্তি হবে না, যানজটও আশা করি থাকবে না।'

ঢাকা-চট্টগ্রাম আট লেনের কাজ নিয়ে সংসদীয় কমিটির অসন্তোষের ব্যাপারে মন্ত্রী বলেন, 'আট লেনের কাজ চলছে। কমিটির অসন্তোষের প্রতিবেদন এখনও আমার হাতে আসেনি। প্রতিবেদন পেলে এ ব্যাপারে কথা বলতে পারব।'

মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী তার ছেলে ও নেতাকর্মীদের নামে মামলা থাকায় আন্দোলন করতে ব্যর্থ হচ্ছেন। আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে চরম হতাশা থেকে বিএনপির নেত্রী গরম গরম কথা বলছেন।'

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি. কম, জেএ