হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩.৮৮০ কেজি স্বর্ণসহ আটক ৭ জনকে ৪ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম জয়নব বেগম সোমবার বিকালে এ আদেশ দেন।

আসামিরা হলেন- মো. নাজিম, আনোয়ার হোসেন, ওসমান ভূঁইয়া, রাশেদ চৌধুরী, সালাউদ্দিন, আমির হোসেন ও জসীম উদ্দিন। আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় চোরাচালান আইনে মামলা হয়।

মামলার সঠিক তথ্য উদঘাটনের জন্য বিমানবন্দর থানার এসআই জসিম উদ্দিন প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার দুপুরে ১৩.৮৮০ কেজি স্বর্ণসহ (১১৯টি বার) ৭জনকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। সিলেট থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের (বিডি-০৫২) একটি ফ্লাইটে ওই ৭জন ঢাকায় আসেন।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ