ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে শ্রীরামপুর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের উত্তর হাতকোড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব রিশাদ (২১) ও অপরজন আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)। দু'জন একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহত সজীব মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকে অধ্যয়নরত ছিলেন আর রাশেদ মানিকগঞ্জের খান বাহাদুর কলেজের একই শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৩৩২০) বাস অপরদিক থেকে আসা ঢাকাগামী মোটরসাইকেলটিকে (খুলনা মেট্রো-ল ১১-২৮২৬) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

এমবি