সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছোট ছোট যান চলাচলের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সব মহাসড়কে বাইলেন হবে। তিনি বলেন, সড়কে ফিটনেসবিহীন গাড়ি, ফিটনেসবিহীন চালকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
শনিবার দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক পরিদর্শনে এসে ভালুকা ডাকবাংলোর সামনে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: শাহাবুদ্দিন খান, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চারলেন প্রকল্পের পরিচালক মো: হাফিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, আগামী ১০ আগষ্ট সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠক। এখানে চালক, শ্রমিক, মালিক, মেয়র সবাইকে নিয়ে বৈঠক করে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, শুধু সিদ্বান্ত নয় সিদ্বান্ত বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হবে।
সড়ক ও পরিবহনে শৃঙ্খলা রক্ষা করাই সরকারের কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, দেশের ৯৬ টি মহাসড়কের মধ্যে আমি ২২ টি মহাসড়ককে সিএনজিসহ থ্রিহুইলার চলাচল বন্ধ করেছি। এসব মহাসড়কগুলোর ৮৫ থেকে ৯৫ পার্সেন্ট দুর্ঘটনা প্রবণ। আমাদের এ পদক্ষেপের ফলে গত ৭ দিনে মহাসড়কে দুর্ঘটনা ও যানজট কমেছে। যা করেছি জনস্বার্থেই করেছি। জনস্বার্থে কাজ করতে বাঁধা আসেই।
মহাসড়কের বিলবোর্ডের ব্যাপারে মন্ত্রী বলেন, আমি বিভিন্ন দেশের বড় বড় শহরে গিয়েছি কিন্তু কোথাও কোন রাজনৈতিক বিলবোর্ড আমার চোখে পড়েনি অথচ আমাদের দেশের মহাসড়কে লক্ষ লক্ষ বিলবোর্ড। বিলবোর্ডে চেহারা দেখিয়ে জনগনের মন জয় করা যায় না। বিলবোর্ড নয় কাজ দেখিয়ে মানুষের মন জয় করতে হবে।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কাজ করলে কাজের সুনাম সবাই করবে। পদ্মাসেতু এখন বাস্তব। ২৪ ঘন্টা কাজ চলছে। মেট্রো রেল ১টি হয়েছে। এলিভেটেড এক্সপ্রেস শুরু হতে যাচ্ছে। যদি সড়কে শৃঙ্খলাই না থাকে তবে এসব কাজ ম্লান হয়ে যাবে।
এআই





