চট্টগ্রামে দুই শিশু সন্তানকে গলাকেটে হত্যার পর গলায় ধারালো ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রেহানা আক্তার (৩০)।

বুধবার (২৫ মার্চ) ভোর চারটার দিকে লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের আমতলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- মরিয়ম সুলতানা (৭) ও মো. ইয়াসিন (২)। রেহানার স্বামী মো. হুমায়ুন পেশায় রিকশাচালক ও স্থানীয় বাজারে রাতে নৈশপ্রহরীর কাজ করেন।

স্থানীয়রা জানান, ভোর চারটার দিকে রেহানার স্বামী হুমায়ুন নৈশপ্রহরীর ডিউটি শেষে ঘরে ফিরে এ অবস্থা দেখে এলাকার মানুষকে খবর দেয়। জানা গেছে, রেহানা মানসিকভাবে ভারসাম্যহীন। এ কারণে সে শিশু দুটিকে হত্যা করে নিজেরও আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারে বলে ধারণা করেন তিনি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাজাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে। গুরুতর আহতাস্থায় মাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএ