কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ময়লার স্তুপ ঝাকুনিপাড়া থেকে সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের লোকজন মানববন্ধন করেছে।
শুক্রবার বেলা ১১ টায় ইউনিয়নের ঝাকুনিপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ঝাকুনিপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী কবিরসহ অন্যরা জানান, সিটি কর্পোরেশনের ফেলে রাখা ময়লা-আর্বজনার গন্ধে তারা চারপাশের বাসিন্দারা অসহায় জীবন যাপন করছেন। রাস্তা দিয়ে দুর্গন্ধের কারণে তার হাঁটতে পারছেন না।
তারা আরো বলেন, "দুপুরে একটু ঘুমাতে পারি না। আবার এসব আর্বজনায় অগ্নি সংযোগের ফলে নির্গত বিষাক্ত ধোঁয়ায় আমাদের অনেকের শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়েছে। এখানে সন্তানরা শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে জন্মগ্রহণ করে। এখানকার মসজিদের ইমাম সাহেবরাও এখানে বেশি দিন থাকতে চান না। এখানে কেউ উন্নত মানের বাড়ি নির্মাণের চিন্তাও করতে পারে না।"
অভিযোগ করে বলা হয়, সিটি কর্পোরেশন মেয়রের কাছে তারা অনেকবার এ আবর্জনার স্তুপ সরিয়ে অন্যত্র নেয়ার জন্য লিখিত আবেদন করা হলেও মেয়র তাতে কর্ণপাত করেননি।
তারা এ ময়লা-আবর্জনার স্তুপ সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য যে, কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনিপাড়া এলাকার রাস্তার পাশে গত ৪০ বছর ধরে সিটি কর্পোরেশনের এলাকার বাড়ি-ঘরের, ড্রেনের ময়লা-আর্বজনা প্রতিদিন ট্রাক ভর্তি করে এনে ফেলা হয়। প্রতি সপ্তাহে অগ্নিসংযোগ করে ময়লা-আবর্জনাগুলো পোড়ানো হয়।
এ ইউনিয়নের আশে-পাশের ২৫টি গ্রামের মানুষ এ ময়লা-আবর্জনা ও বিষাক্ত ধোয়ার গন্ধে অতিষ্ঠ। এসব গ্রামগুলোতে দেখা দিয়েছে বিভিন্ন রোগ। এর আশে-পাশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আর্বজনা স্তুপের গন্ধে অস্বস্থি বোধ করছে।
জেডআই





