প্রায় নয়শ যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়া সুন্দরবন-৮ লঞ্চটি অবশেষে উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় মেঘনার চর থেকে মুক্ত হবার পর লঞ্চটি আবার বরিশালের উদ্দেশে রওনা করে।
এর আগে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী সুন্দরবন-৮ নামের লঞ্চটি মঙ্গলবার ভোর ৪টার দিকে ভোলা-মেহেন্দিগঞ্জের মাঝামাঝি মেঘনার ওই চরে আটকা পড়ে।
লঞ্চের যাত্রী নজরুল ইসলাম জানান, ভোরে ডুবোচরে লঞ্চটি আটকা পড়ার প্রায় ৪ ঘণ্টা পর সাড়ে তিন শতাধিক যাত্রীকে বরিশালগামী আরেকটি লঞ্চ সঞ্চিতায় উঠিয়ে দেওয়া হয়। বাকি যাত্রী আটকা পড়া লঞ্চেই রয়ে যান।
সুন্দরবন-৮ লাঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু জানান, জোয়ারের পানি আসার পর আটকা পড়া লঞ্চটি ভেসে ওঠে এবং সকাল ৮ টার দিকে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ের প্রায় ৫ ঘণ্টা পর বেলা ১১টার দিকে লঞ্চটি বরিশাল লঞ্চ টার্মিনালে পৌঁছে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





