দেশের উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত রোববার (২৯ ডিসেম্বর) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা বেড়ে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি।
তাপমাত্রার এমন ওঠা-নামায় চরম ভোগান্তিতে রয়েছে জেলার সাধারণ মানুষ। উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার দাপট না কমায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন।
আবহাওয়া অফিস জানায়, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ১ ডিগ্রি। একইদিন দেশের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। যা সোমবার সকাল ৬টায় ৫ দশমিক ৭ ডিগ্রিতে গিয়ে পৌঁছায়।
সোমবার সকালে আবহাওয়াবিদ নাজমুল হক এ তথ্য জানান।
তিনি আরও বলেন, দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাজশাহী ও রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এছাড়া খুলনা, কুষ্টিয়া ও ময়মনসিংহ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে।
এএস





