শেরপুর সদর ও ঝিনাইগাঁতী উপজেলা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শেরপুর সদর উপজেলার নলবাইদ গ্রামের একটি ধানখেতের আইল থেকে সেকান্দর আলী (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে রাতে দুর্বৃত্তরা তাকে হাত পা বেঁধে জবাই করে হত্যার পর সেখানে ফেলে রেখে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শেরপুর সদর উপজেলার চরশেরপুর টাঙ্গারিয়াপাড়ায় গত দুই সপ্তাহ আগে জমি সংক্রান্ত বিরোধে জুরল নামের এক কৃষক প্রতিপক্ষ সেকান্দর আলীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হন।
এ ঘটনায় সেকন্দর আলীকে প্রধান আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পলাতক ছিলেন সেকান্দর।

অন্যদিকে বুধবার দুপুরে জেলার ঝিনাইগাঁতীর পাগলারমুখ এলাকা থেকে আনছার আলীর শিশু মেয়ে আঞ্জুয়ারার (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। তার মৃত্যুর কারণ জানা যায়নি।
ঝিনাইগাঁতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের পর শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ইআর