নড়াইলের কালিয়ায় শ্যালিকাকে ভারতে পাচারের চেষ্টাকালে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় শ্যালিকা হালিমা খাতুনকেও (১১) উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে দুলাভাই রানাকে (২৬) কালিয়া থেকে গ্রেফতার করা হয়। রানা কালিয়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামের পান্নু মোল্যার ছেলে।
তথ্যসূত্রে জানা যায়, শ্যালিকা হালিমা খাতুনকে (১১) পিকনিকে যাওয়ার কথা বলে দুলাভাই রানা ভারতে পাচারের চেষ্টা করছিল। গত ১১ এপ্রিল হালিমাকে কালিয়া থেকে চট্রগ্রামে নিয়ে যায়। পরে হালিমাকে ঢাকায় এনে রাখা হয়।
কয়েক দিনে মেয়ের কোনো খোঁজখবর না পেয়ে হালিমার মায়ের সন্দেহ হয়। হালিমার মা নাজমা বেগম বিষয়টি কালিয়া থানা পুলিশকে জানান। মঙ্গলবার হালিমাকে নিয়ে দুলাভাই রানা ঢাকা থেকে নড়াইলের দিকে ফিরছিলেন। পথ থেকে রানাকে আটক করে কালিয়া থানা পুলিশ। এ সময় হালিমাকেও উদ্ধার করা হয়।
জানা যায়, প্রায় ৪ বছর আগে রানা মোল্যার সঙ্গে নড়াইলের কালিয়ার বড়নাল গ্রামের হাসমত মোল্যার মেয়ে প্রিয়া সুলতানার বিয়ে হয়। প্রিয়ার ছোট বোন হালিমাকে পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে ভারতে পাচারের চেষ্টা চালায় রানা।
কালিয়া থানার ওসি শেখ শমসের আলী বলেন, এ ঘটনায় হালিমার মা নাজমা বেগম বাদী হয়ে রানার নামে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
হুমায়ুন/জেড





