চট্টগ্রামে  এক পাকিস্তানি নাগরিকসহ আটক পাঁচজনকে যৌথ সেলে জিজ্ঞাসাবাদ করতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বুধবার থেকে পাঁচজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হবে বলে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আটক পাঁচজনকে নিয়ে একটি পুলিশ ভ্যান ঢাকার উদ্দেশে রওনা করে। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকায় হোটেল লর্ডস ইন থেকে জঙ্গি সন্দেহে এক পাকিস্তানি নাগরিকসহ পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন পাকিস্তারের করাচির বাসিন্দা ও গ্লোবাল রোহিঙ্গা সেন্টারের (জিআরসি) পরিচালক মোহাম্মদ আলম (৫০), মোহাম্মদ আমিন (৫০), আব্দুল মজিদ (৩০), ছালামত উল্লাহ (৪৫) এবং শফিউল্লাহ (৪০)।

সোমবার তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে ১৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। মহানগর হাকিম আহমেদ সাঈদের আদালত তাদের প্রত্যেককে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার সকালে এই পাঁচজনকে গোয়েন্দা পুলিশ রিমান্ডে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদের লক্ষ্যে ঢাকায় স্থানান্তর করে।

জেআই