রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যাত্রীতালিকা অনুযায়ী, নিহত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রীতালিকায় তাঁদের সবার জাতীয়তা ভারতীয় উল্লেখ করা হয়েছে।

যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।

জানা গেছে, মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার পর পাইলট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। পরে অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর কারণ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এস