দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমী নিম্নচাপের কারণে মংলা সমুদ্র বন্দরে পণ্য লোড-আনলোড বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ।
বুধবার সকাল থেকে টানা বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক কাজী মোক্তাদির হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
তিনি আরো জানান, বর্তমানে বন্দরে ক্লিংকার, সার, কন্টেইনারবাহীসহ মোট সাতটি জাহাজ রয়েছে। ঝড়-বৃষ্টির কারণে এসব জাহাজের পণ্য ওঠানো ও নামানো (লোড-আনলোড) বন্ধ রাখা হয়েছে।
বাগেরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ পাল জানান, ঝড়ো বাতাসে শহরের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে বৈদ্যুতিক তারের ওপর পড়েছে।
ফলে রাত ১১টা থেকে বাগেরহাট শহরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। তবে তারের ওপর পড়ে থাকা গাছপালা সরাতে কর্মীরা কাজ করছেন।
এসএম





