যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তা স্বামী বিরুদ্ধে। শনিবার গভীর রাতে নড়াইলের ভওয়াখলী এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনে গুরুতর আহত শামীমা শারমিন নাজকে (৩৫) উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা খুলনার ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) কাজী কামাল হোসেন। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার চাচইধানাইড় গ্রামের কাজী আবু বক্করের ছেলে।
জানা গেছে, প্রায় ১৬ বছর পূর্বে প্রেমের সূত্রে নড়াইল শহরের ভওয়াখালী এলাকার মুক্তার হোসেনের মেয়ে শামীমা শারমিন নাজের সাথে নড়াইলের লোহাগড়া উপজেলার চাচইধানাইড় গ্রামের কাজী আবু বক্করের ছেলে কাজী কামাল হোসেনের সাথে বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। সম্প্রতি শ্বাশুড়ির নামের ১০ শতক জমি বিক্রী করে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে কাজী কামাল হোসেন। টাকা দিতে অস্বীকার করায় শনিবার রাতে নাজকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনার ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) কাজী কামাল হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়েছে।
নড়াইল সদর হাসপাতালে আরএমও ডা. আছাদুজ্জামান মুন্সী জানান, হাসপাতালে চিকিৎসাধীন শামীমা শারমিন নাজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এআর





