পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আল-কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরি বাংলাদেশে ইসলাম রক্ষায় জেহাদের ডাক দিয়ে যে ভিডিও বার্তা দিয়েছেন তার সাথে বিরোধী দলগুলোর সম্পর্ক থাকতে পারে। আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রনালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাওয়াহিরির ওই ভিডিও বার্তায় শুধু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়েই কথা বলা হয়নি। বার্তায় একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কার কথাও বলা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে কটাক্ষ করা হয়েছে।
তিনি বলেন, একাত্তরে জামায়াতে ইসলামী যেভাবে মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করেছিল, আল-কায়দার ভিডিওতে সেভাবে কটাক্ষ করা হয়েছে। সুতরাং যোগসাজশের বিষয়টি অনেকটাই পরিস্কার।
তিনি আরো বলেন, শুধু তাই নয়, আল-কায়দা নেতার ভিডিও বার্তায় গত বছরের ৫ই মে-এর হেফাজতের ইসলামের আন্দোলন ও তা দমনের প্রসঙ্গে বলা হয়েছে। একইভাবে এরইমধ্যে বেগম খালেদা জিয়া বক্তব্য দিয়েছিলেন।
তবে, আগামী দু’একদিন মধ্যেই এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যদি বিরোধী দলের সাথে এই ভিডিও বার্তার কোন সম্পৃক্ততা পাওয়া যায়, সেক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 
দেশকে অস্থিতিশীল করার জন্য ভুয়া ভিডিও বার্তা তৈরি করে কেউ প্রচার করতে পারে এমন আশংকাও প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আল-কায়দা সারা পৃথিবীর জন্যই একটি সন্ত্রাসী সংগঠন এমন মন্তব্য করে তিনি বলেন, এ ধরণের ষড়যন্ত্র মোকাবেলায় সরকার পুরোপুরি প্রস্তুত এবং এটা সরকারের জন্য কোন চাপ নয়।
এ ধরণের ঘটনায় সরকার কোনভাবেই বিচলিত নয় এমন দাবি করে তিনি আরো বলেন, ইতোমধ্যে এ ধরণের সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকার সফলতার পরিচয় দিয়েছে এবং ভবিষ্যতেও এই সফলতার ধারা অব্যাহত থাকবে।
এদিকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিক রপ্তানি বন্ধ হওয়া ও ভিসা বাতিলসহ যেসব খবর প্রচারিত হচ্ছে তা পুরোপুরি সঠিক নয় এমন দাবি করে প্রতিমন্ত্রী বলেন, তারপরও বিষয়টি নিয়ে সরকার তদারকি করছে।
[youtube]1Xa6amCNH4I[/youtube]
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]