অয়েল ট্যাংকার ডুবির ঘটনায় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ক্ষতি নিরূপণে জাতিসঙ্ঘের ২৫ সদস্যের বিশেষজ্ঞ দল বুধবার সকাল সাড়ে ৮টায় সুন্দরবনে প্রবেশ করেছে। আজ সকালে দলের সদস্যদেরকে চারটি দলে বিভক্ত করা হয়। একটি দল প্রাণী ও পশুপাখি নিয়ে, একটি দল সার্বিক পরিস্থিতি নিয়ে, অন্য একটি দল গাছ ও উদ্ভিদ নিয়ে এবং অপর দলটি ক্ষতিগ্রস্তদের জীবনযাত্রা নিয়ে কাজ করবে। এই দলগুলো ভিন্ন এলাকায় আলাদাভাবে আগামী চার-পাঁচ দিন তথ্য ও উপাত্ত সংগ্রহ করবে।

মঙ্গলবার বিকেলে প্রতিনিধিদলটি বাগেরহাটের মংলায় এছে পৌঁছে। প্রতিনিধি দলে কানাডার ১, আমেরিকার ৩, জাপানের ১, সুইজারল্যান্ডের ১, সুইডেনের ১ ও ফান্সের দুইজন বিশেষজ্ঞ রয়েছেন। বাকি ১৬ জন ইউএনডিপির বিভিন্ন প্রকল্পের বিশেষজ্ঞ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

বিশেষজ্ঞ দলের প্রধান সুইজারল্যান্ডের অ্যামোলিয়া ওয়ালট্রোম সাংবাদিকদের জানান, সুন্দরবনে কয়েক দিন অবস্থান করবেন তারা। এ সময়ে সুন্দরবনসংলগ্ন এলাকার বিভিন্ন সুবিধাভোগীর সাথে কথা বলবেন ও ক্ষতি নিরূপণের চেষ্টা করবেন।

এএইচ