মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, নিউমোনিয়া, ডায়রিয়াসহ সকল রোগের বার্তা বিশ্বের কাছে তুলে ধরতেই জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন মৌলভীবাজারের স্কুল শিক্ষার্থী মনি বেগম।

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সেভ দ্য চিলড্রেন আয়োজিত ইউএনজিএ ৭০ নিউইয়র্কের অংশগ্রহণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিলেটের শিশু মনি বেগম।

মনি বেগম বলেন, জাতীসংঘ পরিষদে আমি ৫ বছরের নিচের শিশু মৃত্যু কমানোর বিষয়ে কথা বলব। এছাড়া শিশু নির্যাতন প্রতিরোধের বিষয়টিও তুলে ধরব।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমান ৬৬ শতাংশ মেয়ে শিশুর ১৮ বছর আগেই বিয়ে হয়ে যায়। বিশ্বের মধ্যে মারাত্মক হচ্ছে শিশু বিবাহের ঝুঁকি। তাই এর হার কমানো একান্ত প্রয়োজন।

তিনি জানান, শিশু বিবাহের ক্ষতির দিক নানামুখী। এর ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় মা, শিশু, পরিবার এমনকি দেশ। আর শিশু বিবাহের ফলে কিশোরী বয়সে গর্ভধারণ, মৃত্যু ও শিশু মৃত্যু, মা ও শিশুর অপুষ্টি এবং বিদ্যালয় থেকে ঝড়ে পড়ে যায় নারী।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন, সেভ দ্য চিলড্রেনের হেলথ ও নিউট্রিশন ডিরেক্টর ডা. ইশতিয়াক মান্নান, ম্যানাজার তাজকিন রহমান, মিডিয়া কর্মকর্তা বেলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, জাতিসংঘের ৭০তম অধিবেশনের শিশু অধিকার সম্মেলনে বক্তব্য দেবে দশম শ্রেণীর ছাত্রী মনি বেগম। বাংলাদেশ থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে এ সুযোগ পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থী।

বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের এভরিওয়ান ক্যাম্পেইনে সারা দেশের মধ্যে মনি নিজের মেধা ও যোগ্যতার মাধ্যমে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে নিউইয়র্ক যাবেন মনি।

নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের এ অধিবেশনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। অধিবেশনে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু ও বাল্যবিয়েসহ চারটি বিষয়ের ওপর আলোকপাত করবেন কুলাউড়ার মনি।

এমএ/ এআর