সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট সত্যিই অসহনীয় পর্যায়ে। আমি গতকাল (শনিবার) মানিকমিয়া এভিনিউ থেকে বসুন্ধরা সিটির কাছে পৌঁছানোর পর দেখি রাস্তায় ব্যাপক যানজট। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে ফুটপাত দিয়ে হেঁটে সংসদ ভবনের কাছে পৌছাই।
রোববার দুপুরে সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
বৈঠকে ইউএনডিপি প্রতিনিধিদল ঢাকা শহরের যানজট নিরসনে প্রস্তাবনা তুলে ধরেন। একই সঙ্গে যানজট নিরসনে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে ইউএনডিপি আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান ওবায়দুল কাদের।
রাজধানীতে প্রাইভেট গাড়ির সংখ্যা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক পরিবার আছে যাদের ১০টি গাড়ি রয়েছে। একেক জন একেকটি গাড়ি ব্যবহার করছেন।
তিনি বলেন, লক্কড় ঝক্কর বাসে মানুষ উঠতে চায় না। কোয়ালিটি বাস আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।
১’শ এসি বাস আমদানির জন্য অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, গণপরিবহনের সংখ্যা অনেক কম। অনেক বাসের ফিটনেস নেই। কিন্তু সেগুলো ডাম্পিং করা যাচ্ছে না বিকল্প নেই বলে।
ওবায়দুল কাদের বলেন, যানজটের পাশাপাশি এখন জনজট নতুন উপদ্রব হিসেবে আবির্ভূত হয়েছে। লোকজন সিগন্যাল মানতে চায় না। হৈ হৈ করে এক সঙ্গে অসংখ্য লোক রাস্তা পারাপার হয়। ফুটপাত দখল হয়ে গেছে। সেখানেও দানবের মতো ছুটে চলে মোটরবাইক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





