টানা ছয় ঘণ্টা পর রামপুরা-বাড্ডা সড়কের অবরোধ তুলে নিয়েছেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়াও ধানমন্ডি ২৭ নম্বরে অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে তারা অবরোধ কর্মসূচি স্থগিত করে ক্যাম্পাসে ফিরে যান। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
এর আগে টিউশন ফির ওপর থেকে সরকারে আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার দাবিতে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরা-বাড্ডা সড়ক অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ওই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীদের পক্ষে কাকন বিশ্বাস জানিয়েছেন, জনদুর্ভোগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার কথা চিন্তা করে আমাদের এই কর্মসূচি আজকের মতো স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল সোমবার একই সময় অর্থাৎ সকাল ৯টা থেকে অবরোধ কর্মসূচি পালন করা হবে।
যতদিন পর্যন্ত তাদের টিউশন ফির ওপর থেকে সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার না করা হবে ততদিন এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এমকে





