রাজধানীতে বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ ও এক গৃহকর্মী। মীরবাগ এলাকায় এক গৃহবধূ ও ধানমণ্ডিতে এক গৃহকর্মী আত্মহত্যা করেন।
রাত ৯টায় মীরবাগ এলাকা থেকে প্রিয়াঙ্কা (২২) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করে রমনা থানা পুলিশ। মগবাজারের ১১/১ নং মীরবাগে প্রিয়াঙ্কার শ্বশুর বাড়িতে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মইনুল জানান, আনুমানিক বিকেল ৫টার দিকে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন প্রিয়াঙ্কা। প্রাথমিকভাবে এর কারণ না জানা গেলেও দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এমনটি ঘটেছে বলে দাবি শ্বশুরবাড়ির লোকজনের।
তিনি জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর থেকে প্রিয়াঙ্কার স্বামী পলাতক রয়েছেন।
সুরতহালের পর নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
এদিকে, রাত ৯টার দিকে ধানমন্ডির ৯/এ রোডের স্টার কাবারের পেছনে ৮৪ নম্বর বাড়ি থেকে সালমা (১৫) নামে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাত সাড়ে ৮টার দিকে সালমা ফ্যানের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন ওই পরিবারের গৃহকর্তা।
ধানমন্ডি থানার এসআই নুরুল হক জানান, ওই পরিবারের গৃহকর্তা ফোন দিয়ে জানালে তারা ওই বাসায় গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
মৃতদেহের গলায় দড়ির দাগ ছিল। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এমএ





