নীলফামারীর জলঢাকা উপজেলার আউলিয়াখানা বেইলি ব্রিজ ভেঙে বালিবোঝাই একটি ট্রাক ও একটি মোটরসাইকেলসহ আরোহী পানিতে পড়ে গেছে।
এতে ট্রাকের চালক ইয়াকুব আলী, ট্রাক সহকারী রাসেল ও মোটরসাইকেল আরোহী সুমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের জলঢাকা হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য (নীলফামারী-৩) অধ্যাপক গোলাম মোস্তফা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ ও দমকল নিয়ে এসে ট্রাকচালক, তার সহকারী ও মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই ট্রাকটি পঞ্চগড় থেকে পাবনা যাচ্ছিল। ট্রাকের পেছনে ছিল জলঢাকা শালন গ্রামের সুমন। ট্রাক ও তার পেছনে মোটরসাইকেলটি ওই ব্রিজের ওপর উঠে পার হচ্ছিল। এ সময় ব্রিজটি ভেঙে পড়ে যায়।
এদিকে ওই ঘটনায় যাত্রীবোঝাই একটি মাইক্রোবাসও পানির নিচে তলিয়ে রয়েছে বলে প্রচার পেলেও তার সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহত ট্রাকচালক ও তার সহকারীর বাড়ি পাবনা বলে জানা গেছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এমআর





