নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী ২ আগস্ট ভোটগ্রহণ। মনোনয়নপত্র বিতরণ ও দাখিলের শেষ তারিখ ৫ জুলাই। বাছাই ৬ জুলাই এবং ১৩ জুলাই প্রত্যাহারের শেষ দিন।

নারায়ণগঞ্জ নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার তারিফুজ্জামান সোমবার দুপুরে এ তফসিল ঘোষণা করেন।

এর আগে ২৭ জুন নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসকে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা দিয়ে চিঠি পাঠান।

বন্যপ্রাণী আইনের এক মামলায় দণ্ড পাওয়ার সাত মাস পর ১০ মে স্থানীয় সরকার বিভাগ নূর হোসেনকে বরখাস্ত করে। সেই সঙ্গে শূন্য পদে নির্বাচন আয়োজনে অনুরোধ করে ইসিকে।

এর আগে ৭ মে কাউন্সিলর নূর হোসেনকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়। সেদিন স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শূন্য পদ পূরণে ৯০ দিনের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধও জানায় স্থানীয় সরকার বিভাগ।

গত বছরের ৩০ সেপ্টম্বর বন্যপ্রাণী সংরক্ষণ আইনের একটি মামলায় নূর হোসেনকে এক বছরের কারাদণ্ড দেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচএম শফিকুল ইসলাম। ২০১৪ সালের ১৫ মে নূর হোসেনের শিমরাইল মোড়ের বাড়িতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির বেশ কয়েকটি পাখিসহ প্রায় ৪১ প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে নারায়ণগঞ্জ পুলিশ। ঢাকা রেঞ্জের বন কর্মকর্তা মো. ফজলুর রহমান ওই দিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন।

সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগ নেতা নূর হোসেন কলকাতার একটি কারাগারে আটক রয়েছেন।

এএইচ