সড়ক পথে আংশিক চাঁদাবাজির কথা স্বীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, টার্মিনালে চাঁদবাজি হয়নি। তবে পথে পথে চাঁদাবাজি হয়েছে। চাঁদাবাজির অভিযোগ আংশিক সত্যি।
রোববার দুপুরে গাবতলী বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে এ কথা স্বীকার করনে মন্ত্রী।
যাত্রীদের সাময়িক ভোগান্তির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঈদ ও পূজা এক সঙ্গে হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার প্রশাসনের মধ্যে সমন্বয়ে সামান্য ত্রুটি দেখা গেছে। তবে মনিটরিং যথাযথ ছিল।
বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে কোনো যাত্রী বিষয়টি স্বীকার করেননি। তবে এ পরিস্থিতি পাল্টাতে সময় লাগবে। তবে অন্যান্যবারের চেয়ে এবার পরিস্থিতি অনেক ভালো।
মন্ত্রী বলেন, মানুষের সামান্য ভোগান্তির জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নেই। এ সময় সার্বিক সহযোগিতার জন্য পুলিশ, র্যাব, হাইওয়ে পুলিশ, আনসার এবং মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এমআর





