কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির চেষ্টাকালে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (এমএল লাল পতাকা)’র আঞ্চলিক নেতা প্রায় এক ডজন মামলার আসামি পলাশ মালিথা (২৮) নিহত হয়েছে।

নিহত পলাশ মালিথা মিরপুরের আমলা খামারপাড়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মিরপুর উপজেলার ভাঙ্গাবটতলায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে দড়ি বেধে একদল চরমপন্থী ডাকাতির চেষ্টা করে।

এমন সংবাদে টহলরত মিরপুর থানা পুলিশ সেখানে গিয়ে তাদেরকে ঘিরে ধরলে সড়কের পাশে অবস্থানরত চরমপন্থী সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে 'বন্দুকযুদ্ধের' এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়।

পরে পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ পলাশকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটারগান ও ৩ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহামেদ জানান, দীর্ঘদিন ধরে সে এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মিরপুর থানায় চারটি হত্যা, দুইটি অন্ত্র, দুইটি বোমাবাজি ও চাঁদাবাজিসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।

এমকে