শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশে শিক্ষাকে জাতীয় উন্নয়ন এজেন্ডার মূলভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী ও ইউনেস্কো’র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার প্যারিসে ইউনেস্কো সদর দফতরে আয়োজিত ইউনেস্কো লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সিস ওঁলাদ, মাল্টার প্রেসিডেন্ট মেরি লুইজ সোলিরো ফিকাসহ অন্যান্য দেশের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফ্রান্স সফর বাতিল করেছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় টেকসই বিনিয়োগের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশে প্রাথমিক স্তরে প্রায় শতভাগ শিক্ষার্থী ভর্তি এবং মাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্রছাত্রী সংখ্যা সমতা অর্জন করেছে। এর মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে সমর্থ হয়েছে।

২০১০ সাল থেকে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণকে বিশ্বের সর্ববৃহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছর আমরা প্রায় ৩৩ কোটি পাঠ্যপুস্তক বিতরণ করেছি। ২০১৬ সালে আমরা ৩৫ কোটি পাঠ্যবই বিতরণ করবো। পাশাপাশি দেশে ১ কোটি ৩৪ লাখ দরিদ্র শিক্ষার্থী সরকারের উপবৃত্তি সুবিধা পাচ্ছে, যার মধ্যে ৭৫ ভাগই ছাত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি নারী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে।

ইউনেস্কোর স্থায়ী মূল্যবোধ এবং নব্য মানবতাবাদের আহ্বান উল্লেখ করে ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট নাহিদ বলেন, টেকসই উন্নয়ন এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় সকল দেশে মানসম্পন্ন একীভূত শিক্ষা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং একটি যুক্তিবাদী-বিশ্লেষণী দক্ষতা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব প্রদান করা দরকার।

সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় ইউনেস্কোর ভূমিকা উল্লেখ করে মন্ত্রী বলেন, উগ্রজঙ্গীদের সঙ্গ থেকে দূরে রাখতে যুবসমাজকে মূলধারার সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্ত্রাসী ও জঙ্গীরা কোনো দেশের সীমারেখায় সীমাবদ্ধ থাকে না।

তিনি বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশের ভেতরে সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২০১৫-২০১৭ মেয়াদে ইউনেস্কোর ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এমএ