করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণ সহজ হবে। তিনি বলেন, সময়মতো ভ্যাকসিন পাবে দেশের মানুষ।

প্রধানমন্ত্রী আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বিশ্বব্যাপী আরেকটি নতুন ধাক্কা আসছে। এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সেক্ষেত্রে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে এবং এর ফলে যেন মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয়। কারণ, প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অভিজ্ঞতা হয়েছে। কাজেই নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা এই দায়িত্বটা সবাইকে পালন করতে হবে এবং আমরা এটা করতে পারব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

শেখ হাসিনা আরো বলেন, ‘যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে, সেটা এরইমধ্যে ক্রয় করার জন্য আমরা আগাম টাকা-পয়সা দিয়ে বুক করে রেখে দিয়েছি। সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই। আমরা অন্য সব কিছু বাদ দিয়ে আগে মানুষকে কীভাবে সুরক্ষিত করব সেদিকে দৃষ্টি দিয়েছি।

প্রধানমন্ত্রী করোনার মধ্যে সরকারের সাফল্য প্রসঙ্গে বলেন, ‘দারিদ্র সীমা যেমন আমরা কমিয়ে এনেছি, মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের জীবন মান যে উন্নত করা যায় সেটাও আমরা প্রমাণ করেছি।’

সেইসাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা এবং উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ, বিদেশ থেকে বিনিয়োগ আনার ব্যবস্থা, সর্বপরি অর্থনীতির চাকাটা যাতে সবসময় সচল থাকে সেসব দিকে বিশেষভাবে নজর দিয়েই তার সরকার পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়নের কাজ বাস্তবায়ন করছে, বলেন তিনি।

এএস