দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাজিরা দিতে সাময়িক বরখাস্ত কক্সবাজার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপর ১২টা ৫০মিনিটে তাকে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন জেল সুপার কামাল হোসেন।

জেল সুপার বলেন, ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ সেপ্টেম্বর। ওই দিন মামলায় হাজিরা দিতে তাকে ইতোমধ্যে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়েছে। দুপুর ১২টা ৫০মিনিটে তাকে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়। ১৪ সেপ্টেম্বর আদালতের নির্দেশনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় গত ০৫ আগস্ট তাঁর বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদি হয়ে ওসি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতসহ পুলিশের ০৯ সদস্যকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। র‌্যাবকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়।

এমবি