কক্সবাজার শহরের সমিতি পাড়ায় বঙ্গোপসাগরের মোহনায় মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টায় শহরের নাজিরারটেক সমুদ্র সৈকত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এদিকে, কক্সবাজার কোস্টগার্ড সদস্যরা সমুদ্রের বিভিন্ন মোহনায় এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে।

কক্সবাজার নুনিয়াছড়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মাহবুব উদ্দিন জানান, সাগর উত্তাল থাকায় তল্লাশি অভিযান ব্যাহত হচ্ছে।

কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, নাজিরারটেক সাগর পয়েন্ট থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মালয়েশিয়াগামীয় ট্রলারের যাত্রী ছিলেন।

গত সোমবার দুপুর দেড়টার দিকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজার শহরের সমিতি পাড়ায় বঙ্গোপসাগরের মোহনায় একটি ট্রলার ডুবে যায়। এতে অন্তত ২০ যাত্রী নিখোঁজ হয়।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ