আজ ২৫ মে সোমবার দেশের গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কর্তৃক তাদের বিভিন্ন জেলা শাখা ও ইউনিট শাখার বিভিন্ন বাসে আসন্ন পবিত্র ঈদুল আজহায় অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন।
প্রসঙ্গগত উল্লেখ্য যে, অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্য না থাকায় চট্টগ্রাম থেকে স্বল্প ভাড়ায় রড বোঝাই ট্রাকে করে শ্রমজীবী মানুষেরা সুদূর নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হন। নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। প্রতিবছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্যহীন খেটে খাওয়া, কর্মজীবী, শ্রমজীবী, দিনমজুর, নির্মাণ শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের লাখ লাখ মানুষ ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে, পণ্য বোঝাই ট্রাকের ওপর কম ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছে। যাদের ঘাম ও শ্রমে আমাদের অর্থনীতি মজবুত হয়, তাদের বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করে সংগঠনটি।
অনতিবিলম্বে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে বাস মালিক সমিতির প্রতিশ্রুতি রক্ষা করা, সরকারের কঠোর নির্দেশনা মান্য করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। একই সাথে দুর্যোগপূর্ণ এবারের ঈদ মৌসুমে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়া থেকে বিরত থাকা, নিজের ও নিজের পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলে বাসের ছাদে, পণ্য বোঝাই ট্রাকের ছাদে, খোলা ট্রাকে, ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকা, ফিটনেসবিহীন বাস ও লঞ্চে আরোহন না করার জন্য দেশের যাত্রীসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত এই সংগঠনটি।
এমএম