নওগাঁর পোরশা থানা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন আহ্বান করায় সভাস্থলসহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা পরিষদের পাশে কাইয়ুম শাহের আমবাগান ও আশেপাশের এলাকায় এই আইন বলবত থাকবে।

বুধবার রাত ১১ টার দিকে পোরশা উপজেলা নির্রবাহী অফিসার ইফতেখার উদ্দিন এই আদেশ দেন।

পোরশা থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহিন কামাল জানান, বৃহস্পতিবার উপজেলা পরিষদের পাশে কাইয়ুম শাহের আমবাগান চত্বরে থানা বিএনপির সম্মেলন করার জন্য পোস্টার মাইকিংসহ প্রচার করা হচ্ছিল। সম্মেলন উপলক্ষে স্থানীয় বিএনপি নেতা তবিবর রহমান শাহ বুধবার সভাস্থল ব্যবহার করার অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন। একইভাবে বিএনপির অপর গ্রুপের নেতা আবুল কাশেম একই স্থানে একই সময় সম্মেলন করার অনুমতি চেয়ে আবেদন করলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

কেএইচ