সরকার থেকে ডেঙ্গু রোগে বিভিন্ন পরীক্ষার ফি নির্ধারিত করে দিলেও খুলনায় ডেঙ্গু পরীক্ষার নামে রোগীদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ৮টি হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ডায়াগনিস্টিক ও হাসপাতালগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাতুল আলম ও ইমরান খান।

নগরীর খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের বিপরীত দিকে অবস্থিত বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, পরীক্ষা না করেই রোগীর কাছ থেকে অতিরিক্ত বিল রাখায় সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা এবং নিউ সাউথ জোন হাসপাতালকে ৫০ হাজার টাকাসহ ৮ প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান জানান, স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য ‘ফি’ নির্ধারণ করে দিয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ডেঙ্গু রোগের ওষুধ বিক্রি, পরীক্ষা না করেই টাকা নেওয়া ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে মোট আটটি প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় র‌্যাব-৬, ড্রাগ ডিপার্টমেন্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেড