দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩ জনই ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৩ জন।

রোববার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ৪৬ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে। তাদের মধ্যে ১৩৯ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন ১৩ জন।

চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ২৮৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৩১ জন। মৃত্যু একজনের।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

এমআর