সিরাজগঞ্জের কাজিপুরে অস্ত্র ও মাদকসহ বিএনপি সমর্থিত শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে (রিপন তালুকদার) আটক করেছে পুলিশ।
উপজেলার শুভগাছা ইউনিয়নের নিয়োগীবাড়ী এলাকার নিজ বাড়ি থেকে শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। রিপন একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন তালুকদারের ছেলে।
কাজিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি রাইফেলের বেনয়েট, ১৫ রাউন্ড গুলি, সাতটি রামদা, ১১ পিস ইয়াবা ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক চেয়ারম্যান রিপনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠান হবে। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হবে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি মামলা চলমান আছে বলেও ওসি মিজানুর জানান।
কেএইচ





