টানা বর্ষণে ধস ঠেকাতে চাঁদপুরে বঙ্গবন্ধু সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ইতিমধ্যে ওই সড়কের বেশ কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছে। মিশন রোড থেকে শুরু করে দর্জি বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা এখন পানির নিচে।
৫-৭ বছর চেষ্টার পর নির্মিত সড়কটি যাতে পুরোপুরি ধসে না যায় সেজন্য যানবাহন বন্ধের ব্যবস্থা নিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
চাঁদপুর শহরের মিশন রোডের পূর্ব থেকে শুরু করে চাঁদপুর সেতুর কাছাকাছি প্রায় দুই কিলোমিটার বঙ্গবন্ধু সড়ক। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির উদ্যোগে রাস্তার কাজ শুরু করে এলজিইডি। কিন্তু রাস্তার দক্ষিণ পার্শ্বে রেলওয়ের পুকুর থাকায় এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের শুধু রাস্তা নির্মাণের কাজ হওয়ায় ২০১৩ সাল পর্যন্ত বার বার সেটি ধসে পড়ে। পরে নতুন করে রাস্তার পাশে প্রতিরক্ষা ব্যবস্থা করে নির্মিত হয়। ফলে এখন তেমন আশঙ্কা না থাকলেও দু’দিনের বৃষ্টিপাতে নতুন করে ধসের আশঙ্কা দেখা দিয়েছে।
তবে ওই সড়কের উত্তর পাশে পানি প্রবাহের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টিপাত হলেই রাস্তা ভেঙে বা ধসে সেখান দিয়ে পানি ডাকাতিয়া নদীতে পড়ে। ফলে ২-৩ দিন বৃষ্টি হলে সড়কটিতে ধস দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সড়কটি দিয়ে শহর থেকে বিকল্প পথে এলাকাবাসী ফরিদগঞ্জ, রায়গঞ্জ, রায়পুরসহ পূর্বাঞ্চলে যেতে পারে। এতে বাসস্ট্যান্ড এলাকায় যানজট অনেক কমে গেছে।
কিন্তু বৃহস্পতিবার থেকে বিরামহীন বৃষ্টিতে বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন স্থান ধসে যেতে শুরু করে। ফলে ধস ঠেকাতে স্থানীয়রা রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।
জেআই





