টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার ময়দানে প্রথম পর্বে আরও তিন মুসল্লি মারা গেছেন।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে ও রাতে তাদের মৃত্যু হয়। এনিয়ে প্রথম পর্বের ইজতেমায় গত চারদিনে ১২ মুসল্লির মৃত্যু হয়েছে।
বিশ্ব ইজতেমার পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সোয়া ৫টায় কিশোরগঞ্জের কটিয়াদি থানার গুচিহাটা গ্রামের নুর ইসলাম (৫৫), রাত সাড়ে ১০টায় কক্সবাজারের টেকনাফ থানার সাব্রাম এলাকার আলী আহমদ (৬০) ও রাত পৌনে ১টায় জয়পুরহাটের পাঁচবিবি থানার আব্দুল মোমিন (৫৫) মারা যান। এ নিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় গত চারদিনে ১২ মুসল্লি মারা গেলেন।
রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে।
মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।
চারদিন পর আগামী ১৭ -১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয়পর্ব। এই পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।
এবার ইজতেমায় সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন। ওযু, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
এমবি





