চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, গাড়ী ভাঙচুরের মধ্য দিয়েই হয়েছে সমাবেশ।

আজ বুধবার বেলা তিনটার দিকে সমাবেশেস্থলে যোগ দিতে গেলে দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনামের মিছিলে হামলা চালায় প্রতিপক্ষ জুয়েল গ্রুপ।

এসময় ধাওয়া এবং ব্যাপক পিটুনী দিয়ে সভাস্থল থেকে বিতাড়িত করা হয় এনাম গ্রুপের নেতা কর্মীদের। হামলায় জেলা বিএনপি’র সহ-সভাপতি ও পটিয়া বিএনপি নেতা এনামসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।

ঘটনাস্থলে থাকা এনএসআই’র একজন মাঠ পরিদর্শক এ ঘটনা নিশ্চিত করেছেন।

পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এক গ্রুপ অন্য গ্রুপের উপর হামলা চালায়। সমাবেশ থেকে বিতাড়িত হয়ে এক গ্রুপ গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। গাড়ী ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে প্রতক্ষ্যদশীলা জানান, পটিয়া সদরে হল টুডে কমিউনিটি সেন্টারে সমাবেশ শুরু হওয়ার আগে বেলা দুটার দিকে দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি এনামুল হক এনামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সমাবেশন্থলে মিছিল নিয়ে পৌছলে সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান জুয়েল গ্রুপের সমর্থকরা তাদের দিকে চেয়ার ছুঁড়ে মারে। এসময় দুপক্ষের মধ্যে চেয়ার মারামারি শুরু হয়। এক পর্যায়ে জুয়েল গ্রুপের সমর্থকরা ধাওয়া দিয়ে এনাম গ্রুপের সমর্থকদের এলাকা ছাড়া করে। এসময় এনাম গ্রুপের সমর্থকরা চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবস্থান নিয়ে অন্তত ৮ থেকে ১০টি যানবাহন ভাঙচুর করে।

এ ঘটনায় এনামসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে।

বাইরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার হলেও ভীতরে শাহজাহান জুয়েল গ্রুপের নেতাকর্মীরা সমাবেশ করছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে উত্তর জেলা বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে নগরীর নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশ পণ্ড হয়ে যায়। আহত হয় বেশ কয়েকজন।

এমই/মাসুম