রাজশাহীর মতিহার থানার ডাসমারি এলাকায় পুলিশের গুলিতে আফজাল হোসেন (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, আফজাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। অভিযানের সময় তাঁর ধারালো অস্ত্রের আঘাতে চার পুলিশ আহত হন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহত মাদক ব্যবসায়ী আফজাল হোসেনের বাড়ি ডাসমারি সাতবাড়িয়া এলাকায়। আহত পুলিশ সদস্যরা হলেন মতিহার থানার সহকারী পুলিশ কমিশনার সুশান্ত কুমার, কনস্টেবল নাইম, সুজন ও ফাতেমা।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে সহকারী কমিশনার সুশান্ত কুমারের নেতৃত্বে পুলিশ ডাসমারির সাতবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান শুরু করে। এ সময় পুলিশ মাদক ব্যবসায়ী আফজালের বাড়িতে তল্লাশি চালাতে যায়। আফজাল বাড়ি থেকে বের হয়ে ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় আফজালকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি হাঁসুয়া জব্দ করা হয়েছে।
জেড





