মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছে।

আজ (২৬ নভেম্বর) সোমবার সকাল ৭টার দিকে রাজৈর উপজেলার বৈইলগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের মালিক খোকন মিয়া ও চালক মোহাম্মদ আলী। খোকনের বাড়ি পিরোজপুরের জগনাথকাঠি গ্রামে এবং মোহাম্মদ আলী একই জেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা গাছের চারাবোঝাই মুন্সিগঞ্জগামী একটি পিকআপ ভ্যান কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এটির কিছু অংশ পানিতে তলিয়ে যায়। এতে খোকন ও মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়াস সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং মরদেহ ২টি মর্গে পাঠানো হয়েছে।

এমবি