সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে এখন নেতার শেষ নেই। বিলবোর্ডের দিকে তাকালে শুধু নেতা আর নেতা। বিলবোর্ডের এই রাজনীতি বন্ধ করতে হবে।
মন্ত্রী বলেন, বর্তমানে রাজনীতিকদের ভাষণে নতুন কিছু নেই। তাদের ভাষণ সেই পুরনো গদবাঁধা, বস্তাপঁচা । তাই বাচ্চারা টেলিভিশনে এ নেতাদের বক্তৃতা শুনে অন্যদিকে চলে যায়। ভাষণ এতোটাই অজনপ্রিয় হয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সড়ক মন্ত্রী বলেন, যতক্ষণ আমার হাতে পাওয়ার আছে, আমি জনস্বার্থে এ পাওয়ারটা প্রয়োগ করবো। পাওয়ারে যে আছে সে অ্যাকশনে থাকবে। তার ভাষণের দরকার নেই।
মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ভাষণ একজন দিলেই চলতো। একজন দিলেই চলবে। যার ভাষণ কর্তৃত্ব করে, নেতৃত্ব দেয়। আমার ভাষণ কর্তৃত্বও করে না। নেতৃত্বও দেয় না। ভাষণ একটি শিল্প। এ শিল্প শেখাবে, কখনো হাসাবে, কখনো কাঁদাবে, কখনো আবেগাপ্লুত করবে। কখনো কাজের অনুপ্রেরণা দেবে, শক্তি যোগাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহীত উল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ.এম.এম.শামসুর রহমান, শিক্ষক অধ্যাপক ড.সুব্রত কুমার দে, নজরুল ইসলাম, বিজয় ভূষণ দাস, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।
এমআইএস।





