বগুড়ার শেরপুরে পাথরবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপভ্যানের চালক ফরিদপুরের নগরকান্দা গ্রামের শ্যামল কুমার (৩০) এবং একই জেলার নগরকান্দি উপজেলার কুমারদিয়া গ্রামের প্রফুল্ল সরকারের ছেলে কাঠমিস্ত্রি পলাশ সরকার (৩২)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আলী আহম্মেদ হাশমী জানান, ঢাকামুখী পাথরবোঝাই ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৫১০) ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখী আসা পিকআপভ্যানের (ঢাকা মেট্রো ন-১১-৭৫৩১) মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপের চালক মারা যান। আহত পাঁচজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পলাশ মারা যান।

কেএইচ