চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব থেকে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে হেফাজতের আমির আল্লামা আহমদ শফী আমৃত্যু হাটহাজারী মাদরাসার মহাপরিচালক পদে থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় মজলিসে শূরার বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
জুনায়েদ বাবুনগরীর পদে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদকে নতুন করে মুঈনে মুহতামিম হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আল্লামা আহমদ শফীর ছেলে ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী এইসব তথ্য জানিয়েছেন।
মাদ্রাসার শুরা সদস্যরা হলেন-
ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা পরিচালক ও হাইয়াতুল উলয়া কো-চেয়ারম্যান আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ মাদরাসা নায়েবে মুহতামিম ও বেফাক যুগ্ম-মহাসচিব মুফতি নুরুল আমিন, ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদী, হাটহাজারীর আল জামিয়াতুল ইসলামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী, ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী ও হাটহাজারীর ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী।
এদিকে, শুরা বৈঠক তথা মাদরাসার শীর্ষ পদে শাহ আহমদ শফীর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে তৎপরতায় প্রকাশ্যে আসা দুই পক্ষের দ্বন্দ্বে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে এমন শঙ্কায় হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
এমবি





