গাজীপুরের কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার আজমপুর গ্রামে শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো একই গ্রামের তাজুল ইসলামের ছেলে তামিম হোসেন (৩) ও শামীম মিয়ার মেয়ে জান্নাত আক্তার (৪)।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, তামিম ও জান্নাত বাড়ির পাশের পুকুর পাড়ে একটি প্লাস্টিকের রিকশা নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে ওই খেলনাটি পুকুরে পড়ে যায়। রিকশা তুলতে গিয়ে তামিম পুকুরে নামে। তাকে উদ্ধার করতে জান্নাতও পুকুরে নামে। এ সময় দুই শিশুই পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে খেলনা পড়ে থাকতে দেখে তাদের খোঁজ করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে তামিমের বাবা মো. তাজুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলেও জানান এসআই আজিজুর রহমান।

এসএ/টাইম