কেউ অতিরিক্ত ভাড়া নিলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিরিক্ত ভাড়া আর চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকাল ১১টায় জুরাইন-পোস্তাগোলা ও পাগলা সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের সকল রাস্তা আগামী রোববারের মধ্যে চলাচলের উপযোগী করতে না পারলে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি যেন না হয় সেজন্য রাস্তার কাজ দ্রুত শেষ করতে হবে। তা না হলে শুধু শাস্তি নয় যিনি ব্যর্থ হবেন তাকে বাদ দিয়ে ‘ডায়নামিক’ লোক নিয়োগ দেয়া হবে। ২০১৭-১৮ সালের দিকে দেশের যোগাযোগ ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, রাস্তা চলাচলের উপযোগী করা হলো ইঞ্জিনিয়ারদের কাজ। ইঞ্জিনিয়ারদের সমাধানের পর যানজট যাতে না হয় শৃঙ্খলা রাখতে পদক্ষেপ নেবে পুলিশ। পুলিশের কাজ এনফোর্সমেন্ট করা। আর তৃতীয় বিষয় হলো সচেতনতা। মানুষের দৃষ্টিভঙ্গি না পাল্টালে রাস্তার সমাধান হবে না। সে লক্ষে যোগাযোগ মন্ত্রণালয় সারাদেশে ক্যাম্পেইন করছে।

যোগাযোগ মন্ত্রী জুরাইন-পোস্তাগোলা ও পাগলা সড়ক পরিদর্শনকালে জুরাইন মোড়ে দাঁড়িয়ে রেলমন্ত্রীকে ফোন করে রেলের জায়গায় স্থাপিত একটি ঘর সরিয়ে দিতে অনুরোধ করেন।

মন্ত্রী জানান, ঘরটি সরিয়ে দিলে এখানে যানজটের সমাধান হয়ে যাবে। এছাড়া মন্ত্রী সেখানে কর্তব্যরত প্রকৌশলী ও পুলিশের সঙ্গে কথা বলেন।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ